লোকসমাজ ডেস্ক॥ মিসরের সামরিক শাসক কর্তৃক ইখওয়ানুল মুসলিমিনের সদস্য, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের ফাঁসি কার্যকর করা থেকে বিরত ও তাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, মিসরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেণ্ট ড. মুরসিকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে বর্তমান সামরিক শাসক ২০১৩ সালে ক্ষমতা দখল করার পর থেকে বিচারের নামে প্রহসনের আয়োজন করে ইখওয়ানুল মুসলিমীন, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, চিন্তাবিদ ও মানবাধিকার কর্মীদেরকে মৃত্যুদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা করে। আমরা লক্ষ্য করছি, ২০১৩ সালের বিভিন্ন মামলায় ১৮৩ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এ বছর পবিত্র রমজান মাসে অত্যন্ত নির্দয় ও নিষ্ঠুরভাবে তাদের মধ্য থেকে ১৭ জনের ফাঁসি কার্যকর করা হয়। সামরিক শাসক এদের মধ্যে আরো ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মর্মে বিশ্ব সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। মিসর সরকারের এ পদক্ষেপে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে বলা হয়, এ সব ব্যক্তিরা মিসরে ইসলামী আদর্শ, দ্বীনি চেতনার ভিত্তিতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাদের একমাত্র অপরাধ তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলকারী শাসকের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে, মিসরের সামরিক শাসক একের পর এক ইসলামী নেতা ও ইসলামী চিন্তাবিদদের ফাঁসি দিয়ে মুসলিম বিশ্বের তরুণ যুব সমাজসহ সর্বস্তরের মানুষের হৃদয়ে যে আঘাত দিচ্ছেন, তাতে চরমপন্থাকেই প্ররোচিত করা হবে। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও কথা বলার সুযোগ কেড়ে নেয়া হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে। আমরা মিসরের মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত ব্যক্তিদের ফাঁসি কার্যকর করা থেকে বিরত থাকার ও অবিলম্বে তাদের মুক্তি দেয়ার জন্য মিসর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে জাতিসঙ্ঘ, মানবাধিকার সংস্থা এবং গণতন্ত্রকামী সংগঠন ও সংস্থাগুলোকে এই অন্যায় ও প্রহসনের বিচারের নামে দেয়া ফাঁসি কার্যকর করা থেকে বিরত রাখাতে মিসর সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।
এদিকে বাংলাদেশে লকডাউনে সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এক বিবৃতিতে তিনি বলেন, ১ জুলাই কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পাঁচ শতাধিক লোককে গ্রেফতার করা হয় এবং তাদেরকে জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়। এভাবে রাস্তায় চলাচল করা অনেক সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। অনেক জায়গায় রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসৌজন্যমূলক আচরণ করতে দেখা যায়। এটি অত্যন্ত দুঃখজনক। নিম্ন আয়ের মানুষকে এ ধরনের হয়রানি ও জুলুম-নির্যাতন করা খুবই অমানবিক। লকডাউনে যাতে দরিদ্র জনগোষ্ঠীর ঘর থেকে বের হতে না হয়, সে ধরনের পর্যাপ্ত কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। ফলে জীবন-জীবিকার প্রয়োজনেই অনেকে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। আমরা মনে করি করোনা পরিস্থিতির এই ভয়াবহ অবস্থায় এসব নিম্ন আয়ের মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয়, সেজন্য তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ নিশ্চিত করা দরকার।
লকডাউনের সময় মানুষকে হয়রানি বন্ধ এবং রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের সাথে সহনশীল আচরণ করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি





