শার্শায় বৃদ্ধ মুক্তার হত্যা মামলায় দুই ভাগ্নেসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার॥ যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে বৃদ্ধ মুক্তার সরদার হত্যা মামলায় নিহতের দুই ভাগ্নেসহ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এছাড়া হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় চার্জশিটে ২ জনের অব্যাহতির আবেদন করা হয়েছে। তদন্ত শেষে আদালতে এই চার্জশিট দাখিল করেন এসআই এটিএম তরিকুল ইসলাম। অভিযুক্তরা হলেন, অগ্রভুলোট গ্রামের মাজাহারুল ইসলামের ২ ছেলে মামুন হোসেন, মাসুম হোসেন ও আব্দুল খালেক সরদারের ছেলে আসাদুল সরদার। এর মধ্যে মামুন হোসেন ও মাসুম হোসেন নিহত মুক্তার সরদারের ভাগ্নে।
মামলার বিবরণে জানা গেছে, আসামিদের সাথে মুক্তার সরদার ও তার পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। চলতি বছরের ২ জানুয়ারি দুপুরে মুক্তার সরদারের ভাই বক্কার সরদার ট্রাক্টর চালিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে তার ভাগ্নে মামুন ও মাসুম ট্রাক্টরের গতিরোধ করে মারপিট করতে উদ্যত হন। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে বক্কার সরদারকে রক্ষা করেন এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এ ঘটনার পর বিকেল ৩ টার দিকে বক্কার সরদার ও মুক্তার সরদার ভাগ্নেদের বাড়িতে গিয়ে মারধরের কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা ধাওয়া করে মুক্তার সরদারকে এলাকার ডিপ টিউবয়েলের পাশে নিয়ে হত্যা করেন। এ ব্যাপারে নিহতের ভাই লিয়াকত সরদার ৫ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে উল্লিখিত ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের বোন আসামি আয়েশা খাতুন ও ভগ্নিপতি মাজহারুল ইসলামের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত মামুন ও মাসুমকে পলাতক দেখানো হয়েছে।

ভাগ