ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলায় ধর্ম মামা ইসমাইল হোসেন সরদার (৬০) কর্তৃক এক প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত রাতে ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামে। সোমবার বিকেলে পুলিশ অভিযুক্ত ইসমাইল হোসেন সরদারকে আটক করেছে।
পুলিশ জানায়, যুগ্নিপাশা গ্রামের মৃত ছোরাফ সরদারের পুত্র ইসমাইল হোসেন সরদারের সাথে প্রতিবেশী এক মহিলার ধর্ম ভাই-বোন সম্পর্ক। এরই সূত্র ধরে উভয় পরিবারের মধ্যে ছিল অবাধ যাতায়াত। গত রোববার ওই মহিলার প্রতিবন্ধী কিশোরী কন্যা ধর্ম মামা ইসমাইল হোসেনের বাড়িতে বেড়াতে যায়। রাতের খাবার শেষে তাকে (কিশোরী) রান্নাঘরে ঘুমাতে দেয়া হয়। গভীর রাতে লম্পট ইসমাইল হোসেন কৌশলে ওই রান্নাঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। বিষয়টি জানতে পেরে কিশোরীর মা সোমবার ফুলতলা থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ফুলতলা থানা পুলিশের ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ইসমাইল হোসেন সরদারকে।





