বেনাপোল প্রতিনিধি॥করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং এর বিস্তার রোধে যশোরের শার্শার সবচেয়ে বড় সাতমাইল পশুর হাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।শনিবার (২৬ জুন) দুপুরের দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা হাটটি বন্ধের তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, শার্শার সাতমাইল হাটটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট। এই হাটে দেশের সব অঞ্চল থেকে ব্যাপারীরা এসে পশু কেনেন।
গত কিছুদিন ধরে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সাতমাইল পশুর হাটটি পরিচালনার অনুমতি বহাল রাখে শার্শা উপজেলা প্রশাসন। পরে হাটে হাজার হাজার মানুষের সমাগম হওয়ায় স্বাস্থ্যবিধি রক্ষা সম্ভব হচ্ছিলো না। ফলে উক্ত এলাকায় সংক্রমণের হার বেড়ে যাচ্ছে এবং গত ১৫ দিনে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
ইউএনও জানান, সীমান্তে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হওয়ায় আপাতত সাতমাইল পশুর হাট বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি বুঝে আবার চালু করা হবে।





