লোকসমাজ ডেস্ক॥ তুমুল কাণ্ড বেধে গিয়েছিল ‘রঙধনু আর্মব্যান্ড’ নিয়ে! তবে শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল জার্মান শিবির। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফার শাস্তির হাত থেকে মুক্তি পেলেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ার। একই সঙ্গে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনকেও (ডিএফবি) ছাড় দিল উয়েফা। ডিএফবির বক্তব্যে সন্তুষ্ট হয়েছে উয়েফা। যে কারণে শাস্তির কবলে পড়তে হচ্ছে না জার্মান গোলরক্ষককে।
পর্তুগালের বিপক্ষে ম্যাচে জার্মানির গোলরক্ষক এবং অধিনায়ক ন্যুয়ারকে ‘রেইনবো (রঙধনু) আর্মব্যান্ড’ পরে মাঠে নামতে দেখা গিয়েছিল। সেই আর্মব্যান্ডটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
তবে শুধু ইউরোতে নয়। টুর্নামেন্ট শুরুর আগে প্রদর্শনী ম্যাচেও একই রাঙধনু রঙা আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গিয়েছিল ন্যুয়ারকে। তবে এবার উয়েফা বিষয়টি নজরে পড়ার পরই তারা নড়চড়ে বসে। শুরু হয় বিতর্ক।
তবে এই বিতর্কের পিছনে কারণ কী? আসলে রঙধনুর এই রঙ সাধারণত সমকামীদের প্রতীক বহন করে। ম্যানুয়েল ন্যুয়ারের এই রঙের আর্মব্যান্ড পরার অর্থ হচ্ছে সমকামীদের প্রতি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থনের প্রতীক।
তবে জার্মান গোলরক্ষক যদি কোনো রাজনৈতিক কারণে এই কাজ করে থাকেন, সে ক্ষেত্রে তাকে বড় ধরনের শাস্তি পেতে হতো। আর্থিক জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচেও তাকে নিষিদ্ধ করা হতে পারত। তদন্ত শুরু করার পর এমনটাই উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছিল।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উয়েফাকে একটি চিঠির মাধ্য়মে জানানো হয়েছে, ‘ন্যুয়ারের রেইনবো আর্মব্যান্ড পরাটা কোনো রাজনৈতিক কারণে নয়। নিতান্তই বৈচিত্র্য আনতে এবং ভাল কিছুর উদ্দেশ্যেই এই ধরনের আর্মব্যান্ড ন্যুয়ার পরেছেন।’
ডিএফবি’র এই জবাবে সন্তুষ্ট উয়েফা। টুইটারে এ কথা জানিয়ে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘উয়েফা ডিএফবিকে জানিয়েছে, ন্যুয়ারের রেইনবোর রঙে অধিনায়কের আর্মব্যান্ড পরা নিয়ে যে তদন্ত শুরু করছিল উয়েফা, সেটা তারা বন্ধ করেছে।’
পর্তুগালকে হারিয়ে আবার ইউরোতে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি। পরের ম্যাচে তারা হাঙ্গেরির মুখোমুখি হবে। ধারে ও ভারে কিছুটা দুর্বল দলের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিয়ে পরের পর্বে ওঠার জন্য মরিয়া জার্মানি। তবে হাঙ্গেরি কিন্তু ফ্রান্সকে আটকে দিয়ে সকলকে চমকে দিয়েছে। স্বাভাবিকভাবে তাদের খুব হাল্কা ভাবে নিলে সমস্যায় পড়তে হতে পারে জার্মানিকে।





