লোকসমাজ ডেস্ক॥ করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়ানোর পথে ব্রাজিল। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, টিকা কর্মসূচি বিলম্বের কারণে ব্রাজিলে করোনার দ্বিতীয় দফা ঢেউ আরও ভয়াবহ রূপ নেবে। এছাড়া অর্থনীতির অজুহাতে এখনও সরকার সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পক্ষে নয়।ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনায় চার লাখ ৯৮ হাজার ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৮ লাখ এক হাজার ৪৬২।
যুক্তরাষ্ট্রের পর করোনায় মৃত্যু সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে গত সপ্তাহে করোনায় দৈনিক মৃত্যুর গড় ছিল দুই হাজার। সেই হিসেবে শনিবার দেশটিতে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে।
ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার প্রাক্তন প্রধান গঞ্জালো ভেসিনা বলেছেন, ‘আমার কাছে মনে হয়, টিকার কার্যকারি দেখার আগেই আমাদের মৃতের সংখ্যা সাত লাখ কিংবা আট লাখ ছাড়িয়ে যাবে।’





