একে একে ৩ জনকে চাপা দিলো বাসটি

লোকসমাজ ডেস্ক॥ চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার এলাকায় যাত্রাবাহী একটি বাসের চাপায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টায় স্টিলমিল বাজারের খালপাড়ে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, দুপুর ১টার দিকে স্টিলমিল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুসহ তিনজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও রেজাউল করিম (২৪)। নিহতদের মধ্যে আরফা এবং মিম রিকশার যাত্রী ছিলেন। অপরজন ছিলেন পথচারী।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, বাসটি পেছন দিক থেকে এসে প্রথমে পথচারী রেজাউল করিমকে, এরপর তার পাশে থাকা রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশায় থাকা দুইজনসহ রেজাউল করিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয়রা বাসের চালককে আটক করে পুলিশের কাছে দেয়। ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।#১৮-০৬-২১ বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ভাগ