নড়াইল অফিস ॥ নড়াইলে সাড়ে তিন মাস আগে চুরি হওয়া ড্রেজার মেশিন খুলনা থেকে উদ্ধার করা হয়েছে। মেশিনটির মালিক নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম। সূত্র জানায়, গত ৭ এপ্রিল ড্রেজার মেশিনটি নড়াইল সুলতান ব্রিজের কাছ থেকে চুরি হয়েছে বলে জানতে পারেন শহিদুল ইসলাম। অনেক খোঁজাখুজির পর জানা যায় জনৈক মিজান ড্রেজারটি খুলনার সেনেরবাজারের হাফিজের কাছে ভাড়া দিয়েছে। এ ঘটনায় মালিক শহীদুল ইসলাম মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানা পুলিশের এসআই আব্দুস সালাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ড্রেজারটি খুলনার আইচগাতি ইউনিয়নের সেনেরবাজার মসজিদের পাশে নদীতে রয়েছে। গত ৭ জুন অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ড্রেজার মেশিনটি উদ্ধার করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান ও তার দু’সহযোগী হাফিজ ও সোহেল পালিয়ে যায়।




