জিয়াউর রহমান নিজেই একটি ইতিহাস : মির্জা আব্বাস

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই একটি ইতিহাস বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৪ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, ‘ইতিহাস নিজেই নিজেকে রচনা করে। জিয়াউর রহমান নিজেই একটি ইতিহাস, আর ইতিহাসকে যে বিকৃত করার চেষ্টা করে সেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।’
নতুন প্রজন্মের মাঝে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন ‘শহীদ জিয়া একটি ইনস্টিটিউট। তার ব্যক্তি জীবন থেকে, সৈনিক জীবন থেকে এবং পরবর্তীতে রাজনৈতিক জীবন থেকে দেশের সাধারণ নাগরিকের, একজন সৈনিকের এবং আমাদের মতো রাজনীতিবিদ সহ সবার শিক্ষা নেয়ার অনেক কিছু রয়েছে।’ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে বক্তব্য দেন।

ভাগ