লোকসমাজ ডেস্ক॥ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘অধমর্ণের বাজেট’ বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ২০২১-২২ অর্থবছর বাজেট জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের পর গণমাধ্যমে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে, যা হলো ‘অধমর্ণের বাজেট’। তিনি আরও বলেন, মোট বাজেটের ৩৫.৫৬ শতাংশ, অর্থাৎ এক-তৃতীয়াংশের বেশি হলে ঘাটতি, যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে দেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বার বার করে আনার চেষ্টা করেছে, আর আওয়ামী লীগ তাদের বিশৃংখল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ।





