লোকসমাজ ডেস্ক॥ বাসায় চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার আদাবরের বাসায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরের দিকে রিজভীর শ্যামলীর আদাবরের বাসায় যান তারা। রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেন। তুষার বলেন, রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে মাহমুদুর রহমান মান্না ও ইসতিয়াক আজিজ উলফাত তার বাসায় আসেন। তারা রিজভীর বাসায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। রিজভীর সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার উন্নতি ও করোনামুক্ত হওয়ার দীর্ঘ প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী। তবে আরও এক মাসেরও বেশি সময় তাকে বাসায় বেড রেস্টে থাকতে হবে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। এর আগে রিজভীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন বলে জানা যায়।





