চোখে আঙুল ও নাকে-মুখে ধান ঢুকিয়ে শ্রমিককে নির্মমভাবে হত্যা

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় ভ্যানগাড়ি চুরির অভিযোগে হাফিজুর রহমান গাজী (৪৫) নামের এক জুটমিল শ্রমিককে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত হাফিজুর গাজী উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা গ্রামের আলতাফ গাজীর ছেলে। সোমবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিবার এটি ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেন।
নিহতের বাবা আলতাফ গাজী জানান, পাঁচ ছেলের মধ্যে বড় হাফিজুর রহমান নওয়াপাড়া জুট মিলে প্রায় দু’বছর ধরে কর্মরত থাকার সুবাদে পরিবার নিয়ে সেখানে বসবাস করে আসছেন। রোববার (২৩ মে) বিকেলে কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে ফোন করে এলাকায় ডেকে নিয়ে আসেন। এরপর রাতে তাকে নির্জন জায়গায় নিয়ে হাত-পায়ের রগ কর্তন, চোখে আঙুল ও নাকে-মুখে ধান ঢুকিয়ে নির্মমভাবে নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় বেলেখালি ওয়াপদার পাশে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মফিজুল ইসলাম গাজী বাদী হয়ে ডুুমুরিয়া থানায় সাতজনের নামে ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, রাতে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ভাগ