খেলার খবর

হাজার উইকেট সাকিবের
স্পোর্টস ডেস্ক॥ স্বীকৃতি ক্রিকেটে ১ হাজার উইকেট পূর্ণ হলো সাকিব আল হাসানের। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটের দেখা পেতেই এই মাইলফলক পূরণ হয় সাকিবের। আব্দুর রাজ্জাকের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সাকিব। ৯৯৯ উইকেট নিয়ে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি শুরু করেছিলেন সাকিব। এ দিন ১৬ ওভার শেষে বোলিং আক্রমণে আসেন তিনি। প্রথম ওভারেই অল্পের জন্য ফিরতি ক্যাচ নিতে পারেননি। তবে খুব বেশি সময় অপেক্ষাও করতে হয়নি। পরের ওভারেই তার বলে পয়েন্টে ধরা পড়েন কুশল মেন্ডিস। তাতেই হয়ে যায় সাকিবের হাজার উইকেটের কীর্তি। এই ১ হাজার উইকেটের মধ্যে সাকিবের সবচেয়ে বেশি উইকেট টি-টোয়েন্টিতে, ৩৬২টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটে হলো ৩২৮টি, আর প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১০টি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেটে ৫৬৯টি। বাকি ৪৩১টি ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য স্বীকৃত ক্রিকেটে। বাংলাদেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড আব্দুর রাজ্জাকের। কিছুদিন আগে ক্রিকেট থেকে অবসরে গিয়ে জাতীয় নির্বাচকের দায়িত্ব নেওয়া এই বাঁহাতি স্পিনারের উইকেট ১ হাজার ১৪৫টি। রাজ্জাক ও সাকিবের পর তালিকায় আছেন মাশরাফী বিন মোর্ত্তজা। পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, মোট উইকেট ৭০৯টি। বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের উইকেট ৭০২টি।

বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলেন সাদ
স্পোর্টস ডেস্ক॥ বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। ভারতের বিপক্ষে তাদের মাটিতেই ১-১ ড্র থেকে আসে সেই পয়েন্ট। যে ম্যাচে বাংলাদেশের পক্ষে গোলটি করেন সাদ উদ্দিন। তবে আবাহনী লিমিটেডের এই ফরোয়ার্ড ভারতের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচটি খেলতে পারছেন না। জুনে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের বাকি থাকা তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচগুলোর জন্য তৈরি হচ্ছে দল। হাঁটুর চোটে প্রাথমিক ক্যাম্প থেকে ছিটকে গেছেন সাদ। চোটের কারণে প্রাথমিক ক্যাম্পের দলেই ছিলেন না স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। একই কারণে ক্যাম্পে যোগ দেওয়া হয়নি ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। পরে ক্যাম্প থেকে ছিটকে যান অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এবার সেই তালিকায় যোগ হলো সাদ উদ্দিনের নাম। নির্ভরযোগ্য খেলোয়াড়দের হারিয়ে কোচ জেমি ডে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ, ‘সাদকে হারানো অবশ্যই আমাদের জন্য বড় ধাক্কা। এরই মধ্যে জীবন, বিশ্বনাথ এবং রানাকেও চোটের কারণে হারিয়েছি আমরা।’ সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের। সবগুলো ম্যাচই হবে কাতারে।

স্বর্ণের স্বপ্ন পূরণ হল না রোমান-দিয়ার
স্পোর্টস ডেস্ক॥ আর্চারি বিশ্বকাপের রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে স্বর্ণপদক জেতা হল না বাংলাদেশের রোমান সানা এবং দিয়া সিদ্দিকীর। আগের ম্যাচগুলোতে চমক দেখালেও রবিবার অনুজ্জ্বল পারফরম্যান্সে সেফ ভন ডেন বার্গ ও গ্যাব্রিয়েলা শ্লোসার জুটির কাছে ৫-১ সেট পয়েন্টে হারে মানেন তারা। র‌্যাঙ্কিংয়ের ১৭তম অবস্থানে থাকা বাংলাদেশ লড়াই জমাতে পারেনি দুইয়ে থাকা নেদারল্যান্ডসের সঙ্গে। প্রথম সেটে ৩৬-৩০ ব্যবধানে পরাস্ত হন রোমান ও দিয়া। দ্বিতীয় সেট টাই হয় ৩৫-৩৫ ব্যবধানে। কিন্তু বাংলাদেশের আর্চারদের ম্যাচে ফেরার ইঙ্গিত টেকেনি বেশিক্ষণ। তৃতীয় সেটে ৩৭-৩৪ ব্যবধানে জয়ী হয়ে সেরা হওয়ার উল্লাসে মাতে ডাচরা। এর আগে প্রথম রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা ইরানকে ৫-৩ ব্যবধানে হারায় বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল জার্মানি ন্যূনতম পাত্তা না পেয়ে তাদের কাছে পরাস্ত হয় ৫-১ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশ ও র‌্যাঙ্কিংয়ের নয়ে থাকা স্পেনের মধ্যে। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতে রোমান ও দিয়া জুটি পা রাখেন সেমিফাইনালে। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বর দল কানাডাকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ।

প্রতিযোগিতার সময় চীনে ২১ দৌড়বিদের মৃত্যু
স্পোর্টস ডেস্ক॥ বাজে আবহাওয়ার কারণে চীনে ২১ জন আলট্রা-ম্যারাথন দৌড়বিদের মৃত্যু হয়েছে। ১০০ কিলোমিটারের এই প্রতিযোগিতার সময় তুষারপাত শুরু হলে প্রতিযোগীরা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, শনিবার সকালে প্রতিযোগিতা শুরু হওয়ার সময় রোদ ছিল। কিন্তু দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রচণ্ড বাতাস আর তুষারপাতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন প্রতিযোগিতারা। অনেকে হারিয়ে যান। এই ধরনের প্রতিযোগিতায় দুর্গম পথের চ্যালেঞ্জ জয় করতে হয়। সাধারণ ম্যারাথনের তুলনায় এই দৌড়ের দূরত্ব প্রায় দ্বিগুণ! এদিন ইওলো রিভার স্টোন ফরেস্টের কাছে যাওয়ার পর প্রতিযোগীরা হাইপোথার্মিয়ার কথা জানাতে থাকেন। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। চলছে উদ্ধার অভিযান। চীনের গণমাধ্যমটি বলছে, অধিকাংশ প্রতিযোগী পাতলা শার্ট অথবা টি-শার্ট পরা ছিলেন। স্থানীয় গণমাধ্যম রেড স্টার নিউজকে এক প্রতিযোগী বলেন, ‘এক সময় আমি হাতপায়ের অনুভূতি হারিয়ে ফেলি। ঠান্ডায় পুরো শরীর অবশ হয়ে গেছে।’ ‘পাহাড়ের অর্ধেকটা যাওয়ার পর আমি ফিরে এসেছি। এরপর কাঠের কেবিনে ঢুকে পড়ি। সেখানে আরও ১০ জন প্রতিযোগী ছিলেন। আমরা এক ঘণ্টার বেশি উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করেছি।’ রবিবার সকাল পর্যন্ত জানা গেছে, ১৭২ জনের মধ্যে ১৫০ জন সুস্থ আছেন। এদের ৮ জন হাসপাতালে।

মেসি: দ্য পিচিচি অব পিচিচিস
স্পোর্টস ডেস্ক॥ বার্সেলোনার জন্য মৌসুমটা হতাশারই বলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর লা লিগাও শেষ করল তারা তিনে থেকে। তবে পারফর্মারদের তালিকায় লিওনেল মেসি ঠিকই জ্বলজ্বলে নাম হয়েই রইলেন। লা লিগায় এবার সর্বোচ্চ ৩০ গোল করে ফের পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন তারকা। এটা তার টানা পঞ্চম পিচিচি ট্রফি এবং সবমিলে রেকর্ড অষ্টম। এর আগে ২০০৯-১০ মৌসুমে ৩৪, ২০১১-১২ মৌসুমে ৫০, ২০১২-১৩ মৌসুমে ৪৬, ২০১৬-১৭ মৌসুমে ৩৭, ২০১৭-১৮ মৌসুমে ৩৪, ২০১৮-১৯ মৌসুমে ৩৬, ২০১৯-২০ মৌসুমে ২৫ গোল করে এই ট্রফি জিতেছিলেন মেসি। গত মৌসুমেই সবচেয়ে বেশি পিচিচি ট্রফি জয়ের রেকর্ডে সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো সাররাকে ছাড়িয়ে যান মেসি। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে মোট ছয়বার পিচিচি জিতে রেকর্ড গড়েছিলেন আথলেতিক বিলবাওয়ের এই কিংবদন্তি। এবার মেসি গড়লেন আরেক কীর্তি। ইউরোপের শীর্ষ লিগগুলো মিলিয়েই সবচেয়ে বেশিবার লিগে সর্বাধিক গোলস্কোরারের কীর্তি এখন মেসির। জার্মানিতে সর্বাধিক সাতবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গার্ড মুলারের। ইতালিতে এই কীর্তি গুন্নার নর্ডালের, পাঁচ বার সেখানে সর্বাধিক গোলস্কোরার হন তিনি। ফ্রান্সে জিন-পিয়েরি পাপিন সর্বাধিক পাঁচ বার মার্সেইয়ের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে চারবার সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন থিয়েরি ওরি। ডাচ লিগে সর্বাধিক পাঁচবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রুড জিলস।

ভাগ