স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর মুড়লি খাঁ পাড়ার গহর আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুখু মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার বাবু মিয়ার ছেলে। পুলিশ জানায়, দুখু মিয়াকে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই হারুন অর রশিদ নিজ বাড়ি থেকে আটক করেন। পরদিন শুক্রবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। স্বজনদের দাবি, বৃহস্পতিবার দুপুরে পুলিশ দুখু মিয়াকে নিজ এলাকা থেকে আটক করে। উল্লেখ্য, গহর আলীর ছেলে ইয়াসিন মুড়লি খাঁ পাড়ার এক নারীকে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু গহর আলী বিয়ে মেনে না নেওয়ায় দুটি পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ওই নারীর মামা সাগরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গত ২০ মার্চ দুপুরে গহর আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের ছুরিকাঘাতে ও ধারালো অস্ত্রের কোপে গহর আলী গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গহর আলীর আরেক ছেলে শাহ পরান পাখি কোতয়ালি থানায় একটি মামলা করেন।





