স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পূর্ব বারান্দীপাড়ায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় দুর্বৃত্তদের হামলায় রাজন হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী মুন্নাকে (২২) শুক্রবার দুপুরে আটক করেছে। সে পূর্ব বারান্দীপাড়া কাঁঠালতলা এলাকার আব্দুস সালামের ছেলে।
পূর্ব বারান্দীপাড়া কাঁঠালতলা এলাকার শাহাজান শেখের ছেলে রাজন হোসেনের অভিযোগ, মুন্নাসহ তার সহযোগীরা তাদের বাড়ির আশেপাশে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে। নিষেধ করায় তারা তার ওপর ক্ষুব্ধ হয়। গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় মুন্নার নেতৃত্বে শুভ ও ইমরান সেখানে গিয়ে তার ওপর হামলা চালায়। তারা তাকে মারপিট ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, রাজন হোসেনের দায়েরকৃত মামলার প্রধান আসামি মুন্না। তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





