তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) ২য় ধাপ মোকাবেলায় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় আনসার-ভিডিপি সদস্যদের জন্য মহাপরিচালকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তালা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে ২৫ জন পুরুষ ও ২৫ জন নারী সদস্যদের মাঝে এই উপহার বিতরণ করা হয়। সাতক্ষীরা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এর আয়োজনে শুভেচ্ছা উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, আনসার ভিডিপি প্রশিক্ষক অনন্ত মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী কমান্ডার, উপজেলা কোম্পানি কমান্ডার প্রমুখ। এ সময় প্রতিটি প্যাকেটে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম পিঁয়াজ, আধা লিটার তেল ও ২ টি মাস্ক সরবরাহ করা হয়।




