বাগেরহাটে আওয়ামী লীগের সভাপতির বাড়িতে যুবলীগ নেতার হামলা ও লুটপাট

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়ায় উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু ও তার সমর্থকরা। এসময় আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন (৬৫)সহ চারজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ও গভীর রাতে দুই দফায় উপজেলার ভান্ডারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। আহত অন্য তিন জন হলেন দেলোয়ার হোসেনের স্ত্রী রুমিচা বেগম (৫৮), অন্তঃস্বত্তা পুত্রবধূ কাকলী বেগম (২৭) ও ভাগ্নে সাইফুল ইসলাম (৪২)। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু আমার কাছে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবি করে। আমি টাকা না দিলে সোমবার বিকেলে লোক মারফত আমাকে সাইনবোর্ডে ডেকে পাঠায়। আমি যখন সাইনবোর্ড বাজারে না যাওয়ায় সন্ধ্যায় বাবুসহ কয়েকজন আমার বাড়িতে এসে হামলা করে। পরবর্তীতে গভীররাতে এসে আবারও হামলা করে। আমার বাড়িতে থাকা
সবাইকে বেধড়ক মারপিট ও কোপাতে থাকে। এতে আমিসহ আমার স্ত্রী, পুত্রবধূ, ভাগ্নে আহত হয়েছে। দেলোয়ার হোসেনের ছেলে রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বলেন, রাড়িপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাড়ি হামলা করে। ঘরে পেট্রোল বোমা মারে, ধানে আগুন ধরিয়ে দেয়। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমরা এই ঘটনার বিচার চাই। ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । তবে তার সহযোগী বাদশা পাইক বলেন, একজন প্রতিবন্ধী ব্যক্তি দেলোয়ার হোসেনের কাছে টাকা পাবেন। আমরা সেই টাকা চাইতে গেলে, তার ছেলে ও নিকট আত্মীয়রা আমাদের উপর হামলা করে। এতে আমি সোহাগ ও রহিম আহত হয়েছি। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, সোমবার সন্ধ্যায় তৃতীয় একটি পক্ষের জমি বিক্রির টাকা আদায় নিয়ে রাড়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সাথে মেহেদী হাসান বাবুর বাকবিতন্ডা হয়। পরবর্তীতে ভোর রাতে আবারও ওই বাড়িতে গিয়ে হামলা ও অগ্নি সংযোগ করে বাবুর লোকজন। এতে কয়েকজন আহত হয়। এই ঘটনায় দেলোয়ার হোসেন এখনও কোন অভিযোগ দেননি। ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও বাবুকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

ভাগ