পাইকগাছায় ঘের দখল নিয়ে মারপিটে ৩ নারী আহত

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় একটি চিংড়ি ঘের দখল করতে না পেরে মারপিটে উভয়পক্ষের তিন নারী আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, উপজেলার লস্কর ইউপির লস্কর গ্রামের মান্নান সানা ও জাফর সানাদের মধ্যে ঘের সংক্রান্ত বিরোধ চলে আসছে। চিংড়ির ভরা মৌসুমে মান্নান সানা পৈত্রিক ও ডিডকৃত সম্পত্তি দাবি করে ঘেরটি দখল করতে যায়। এ সময় জাফর সানারা বাঁধা দিলে মারপিটে আমিন উদ্দীন সানার স্ত্রী হাসিনা বেগম (৬৫), মান্নান সানার স্ত্রী রাশিদা (৪৫) ও শহিদুল সানার স্ত্রী শিল্পী (৩৫) আহত হন। আহতদের স্বজনরা পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
জাফর সানা জানান, মান্নান আমার চাচাতো ভাই। সম্পত্তি ও ডিডকৃত দাবি করে আমার ঘেরে প্রবেশ করে দখল করতে যায়। কিন্তু তার পিতার অংশ হিসেবে যা দাবিদার তার বেশি বিক্রি করার কারণে এ ঝামেলা হয়েছে। মান্নান সানা জানান, আমাদের তিন বছরের ডিডকৃত জমি জাফর দুই বছর ঘের করে। বাকি এক বছর আমার করার কথা। কিন্তু আমার দখল না দেওয়ায় আমি সে জমিতে গিয়েছিলাম। জাফরের লোকজন আমার স্ত্রী ও শহিদুল সানার স্ত্রী শিল্পীকে মারপিট করে আহত করে। এ ঘটনায় আমি পাইকগাছা থানায় অভিযোগ করেছি।

ভাগ