মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা বন্দরে ভিড়েছে মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে আসা বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস। রোববার দুপুরে জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় ভিড়ে জাহাজটি। এখানে ভিড়ার পর পরই জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। বিদেশি এ জাহাজটি থেকে পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্সেও মালিক সৈয়দ জাহিদ হোসেন জানান, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আনা হয়েছে এ জাহাজে। দ্রুত সময়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করে রেলের ছয়টি বগিই নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছানো হবে। তিনি আরো জানান, রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে। আর বাংলাদেশে কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এই বন্দর দিয়ে আমাদানি ও খালাস করা হবে। এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক নামক একটি বিদেশি জাহাজ।





