পুলিশের বাধায় পণ্ড পাটকল শ্রমিকদের রাস্তায় ইফতার কর্মসূচি

খুলনা সংবাদদাতা॥ খুলনায় পুলিশের বাধায় পাটকল শ্রমিকদের ইফতার কর্মসূচি পণ্ড হয়ে গেছে। শনিবার (৮ মে) বিকেলে প্লাটিনাম জুটমিলের শ্রমিকদের নিয়ে বিআইডিসি রোডে ইফতারের কর্মসূচির আয়োজন করে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। তবে পুলিশ তাদের স্থানীয় কলোনির মাঠে ইফতার কর্মসূচি করতে বাধ্য করে। শ্রমিকরা জানান, ঈদের আগেই বেতনের দাবিতে গত ১ মে থেকে তারা আন্দোলন করে আসছিল। আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার তারা রাজপথে ইফতার কর্মসূচির আয়োজন করেছিল। তবে বিকেল ৪টা থেকে তাদের কর্মসূচি ঘিরে রাখে পুলিশ। পরে তাদের রাজপথের ইফতার কর্মসূচিতে বাধা দেয়। সাড়ে ৫টার দিকে শ্রমিকদের মিলের মাঠে ঢুকিয়ে দেয় পুলিশ। এ সময়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সদস্য নিয়াজ মোর্শেদ দোলন বলেন, আমরা বিআইডিসি রোডে ইফতারের কর্মসূচি আয়োজনের আগেই পুলিশকে জানিয়েছিলাম। তবে তারা লিখিতভাবে আমাদের কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তাই আমরা কর্মসূচি শুরু করেছিলাম। পরবর্তীতে পুলিশ এসে আমাদের রাজপথ থেকে সরিয়ে কলোনির মাঠে পাঠিয়ে দেয়। এ সময়ে বেশ কয়েকজন নারীসহ শ্রমিকরা আহত হন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, শ্রমিকদের আগেই বলা হয়েছিল কলোনির মাঠে ইফতারের আয়োজন করতে। রাজপথে ইফতারে জন্য তাদের কোনো অনুমতি ছিল না। তাই কলোনির মাঠে যেতে বলা হয়েছিল।

ভাগ