স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে ৩ সহোদরকে জখমের পর হামলাকারীদের তিন জন গণপিটুনির শিকার হয়েছেন।শনিবার রাত ৯টার দিকে দক্ষিণপাড়ায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৫ জন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন মহব্বত আলী গাজীর ছেলে বাবু গাজী (৩৮), মাহফুজ গাজী (৩৫) , মৃত রজব আলী গাজীর ছেলে লিয়াকত গাজী ( ৬০), তার স্ত্রী সুখজান (৫৫) ও ছেলে ইব্রাহিম গাজী (৩২)।
মাসুদ হোসেন জানিয়েছেন, চুড়ামনকাটি গ্রামের দক্ষিণপাড়ার জালাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনকে দেখলেই থু থু ফেলে প্রতিবেশী হারেজ গাজীর ছেলে রায়হান। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। কিছু সময় পর রায়হানের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে ইসমাইলকে খুঁজে বেড়ায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় গণ্যমান্যরা দ্বন্দ্বের মীমাংসা করে দেন। কিন্তু তারা মনে ক্ষোভ রেখে চলে আসে। মাসুদ হোসেন আরও জানান, এই ঘটনায় স্বাক্ষী দেয়ার কারণে রায়হান পক্ষীয়রা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জেরে রাত ৯টার দিকে রায়হানের নেতৃত্বে লিয়াকত গাজী, ইব্রাহিম, ইয়াছিন, সুখজান, মমতাজ বেগমসহ আরও কয়েকজন হামলা চালিয়ে মাসুদের বড় ভাই বাবু , কালু ও মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকার লোকজন সেখানে গেলে তাদের সাথে খারাপ আচরণ করে হামলাকারীরা। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে লিয়াকত গাজী , ইব্রাহিম ও সুখজানকে পিটুনি দেয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা, আব্দুর রশিদ জানান, আহতদের মধ্যে ৫ জনকে ভর্তি করে সার্জারী ওয়ার্ডে চিকিৎসার জন্য পাঠানো হয়। এছাড়া কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু জানান, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।





