কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় অসহায় ও নির্যাতিত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিনের বাসভবন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। বিতরণ পূর্ব এক আলোচনা সভায় উপজেলায় বিএনপির সিনিয়র সহসভাপতি সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, বিএনপি নেতা শওকত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, বিএনপি নেতা শিক্ষক আব্দুল করিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে ২০১৩ সালে উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিজিবি গুলিতে নিহত শহীদ শামছুর রহমানের স্ত্রী তাছলিমা খাতুনের হাতে এবং কলারোয়া পৌর সদরের মকবুল সরদারের ছেলে মুইজুদ্দীনের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেয়া আর্থিক অনুদান তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।





