ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ খুলনার আটরা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন আফিল জুট মিল শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। শনিবার সকাল ১১ টায় বয়রাস্থ খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দফতরে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় । পবিত্র ঈদুল ফিতরের আগেই পাওনা টাকা থেকে প্রত্যেক শ্রমিককে ৩ হাজার টাকা প্রদান করাসহ বিভিন্ন বিষয়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান, আফিল জুট মিলের এমডি শেখ আকরাম হোসেন ও বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি নং১০)এর সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি কাবিল হোসেন , সাধারণ সম্পাদক নিজামউদ্দিন প্রমুখ।
শ্রম পরিচালক মিজানুর রহমান জানান শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে এজন্য আফিল মিলের এমডিকে ঈদের পুর্বেই শ্রমিকদের টাকা দেওয়ার কথা বলা হয়েছে, তিনি বলেছেন কম বেশি যাই হোক এবার শ্রমিকদেরকে টাকা দেবেন। এছাড়া মহসেন জুট মিলের ব্যাপারে আদালতের একটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপতত সমাধান হচ্ছেনা বলেও জানান।




