স্টাফ রিপোর্টার ॥ ভারত ফেরত দুই যাত্রীর শরীরে সেদেশে তোলপাড় সৃষ্টিকারী শক্তিশালী করোনা ভাইরাসের আলামত পাওয়া গেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এ ভাইরাস শনাক্ত। কর্তৃপক্ষ এটি স্বীকার করলেও করোনা প্রতিরোধ কমিটির কর্মকর্তারা কিছুই জানেন না। সূত্র জানিয়েছেন, করোনায় আক্রান্ত ভারত ফেরত দু’জন যাত্রীর শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরনের আলামত মিলেছে। গত শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষিত ওই নমুনার ভেতর ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মহিলা সাধারণ করোনায় এবং দু’জন আক্রান্ত হয়েছে করোনাভাইাসের ভারতীয় ধরনে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে শনাক্ত হওয়া ভারতীয় ভ্যারিয়েন্টের বিষয়ে জানতে ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা আইসিডিসিআর, যশোরের জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি। ১০ মে এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত ব্রিফিং করবেন বলে জানান।
যশোরে করোনা পরিস্থিতি তদারকির দায়িত্বে রয়েছে করোনা প্রতিরোধ কমিটি। কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মো. তজিমুল ইসলাম খান বলেন, বিষয়টি তার জানা নেই। লিখিত কোন কিছু পাননি তিনি। জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সাথে যোগযোগ করা হলে বলেন, তিনিও কিছু জানেন না। এখনো কোন কিছু তার কাছে আসেনি। জেলা করোনা প্রতিরোধ কমিটির হাসপাতাল বিষয়ক কর্মকর্তা যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় ভারত ফেরত করোনা রোগীর ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার বিষয়ে কোন মন্তব্য করেননি। শুধু বলেছেন, এ ব্যাপারে ই-মেইল কিংবা কোন চিঠি তিনি পাননি।




