খেলার খবর

বড় হারে সিরিজ খোয়াল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক॥ পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিন সাতসকালেই গুটিয়ে গেল বাংলাদেশ। ঘণ্টা খানেকের মধ্যে সফরকারীদের পাঁচ উইকেট তুলে নিয়ে ২০৯ রানের বড় জয় নিশ্চিত করে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। এই পথে হাঁটতে গিয়ে রবিবার ৫ উইকেটে ১৭৭ রান তোলেন তামিমরা। সোমবার ২২৭ করতেই সবাই প্যাকেট! শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের বড় হার আছে অনেকগুলো। এর মধ্যে ২০০৯ জালে চট্টগ্রামে হারতে হয়েছিল ৪৬৫ রানে। সেটিই এ যাবতকালের বড় হার বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে পরের বড় হারটি ২০০২ সালে, ২৮৮ রানে। কলম্বোতে। এরপর ২০১৭ সালে গলে হারতে হয়েছিল ২৫৯ রানে।
প্রাভিন জয়াবিক্রমার রেকর্ডের কাছে নতজানু হতে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। ২২ বছর বয়সী এই তরুণ শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকে ১১ উইকেট নিলেন। ম্যাচে তিনি ১৭৮ রান খরচ করেছেন।
সোমবার তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। জয়াবিক্রমার বলে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সাজঘরে ফেরেন লিটন দাস। ডিফেন্স করতে গিয়েছিলেন। লাইন মিস করে বল লাগে প্যাডে। জোরালো আবেদনে আউট হওয়ার পর রিভিউ নিয়েও টিকতে পারেননি।
লিটন ফেরেন ৪৬ বলে ১৭ রান করে। তাইজুল ইসলাম থাকেন ৩০ বল। কিছুটা সময় দৃঢ়তা দেখানোর পর ধনঞ্জয়া ডি সিলভার অনেক বাইরের বল তাড়া করে ২ রান করা তাইজুল ক্যাচ দেন উইকেটের পেছনে। তাসকিন আহমেদকে তুলে নেন রমেশ মেন্ডিস। এদিন সকালে যা রান আসছিল সবই মেহেদী হাসান মিরাজের ব্যাটে। সুইপ করে রান বের করছিলেন। সেই সুইপই কাল হয় তার। জয়াবিক্রমার বলে তাকে সুইপের চেষ্টায় দেখে বুদ্ধি করে ফরোয়ার্ড শর্ট লেগ থেকে লেগ স্লিপের দিকে আগেভাগে ছুটে যান পাথুম নিশাকা। নেন দারুণ ক্যাচ। আর ৩ বল বাদে আবু জায়েদ রাহিকে তুলে ইনিংস শেষ করেন জয়াবিক্রমা।

আইপিএলে করোনার হানা: এবার দিল্লির ৫ মাঠকর্মী আক্রান্ত
স্পোর্টস ডেস্ক॥ সকালেই খবর আসে, কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই খবর আসার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতার সোমবারের ম্যাচটি স্থগিত করা হয়। এই ধাক্কা সামলে ওঠার আগেই খবর এলে দিল্লি ও ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) পাঁচ মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সেই মাঠকর্মীরা আপাতত আইসোলেশনে রয়েছেন। রবিবারই অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচ হয়েছে। ডিডিসিএর এক কর্তা জানিয়েছেন, ‘দিল্লি ও ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাঁচজন মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তারা রবিবার রাজস্থান বনাম হায়দরাবাদের আইপিএল ম্যাচে মাঠে কাজও করেছিলেন। যেহেতু তাদের মাঠেই ডিউটি ছিল, তাই তারা যদি ক্রিকেটার এবং টিমের কোনো স্টাফের সংস্পর্শে এসে থাকেন, তাহলে তাদেরও করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে।’
যে পাঁচ জন মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে প্রায় ৫০-৬০ জন সেদিন ডিউটিতে ছিলেন। তাই সকল কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে। ডিডিসিএর ওই কর্তা আরো বলেছেন, ‘আমরা আরো রিপোর্টের জন্য অপেক্ষা করছি। সেদিন ডিউটিতে প্রায় ৫০-৬০ জন সদস্য ছিলেন। দু-একদিনের মধ্যে সব রিপোর্ট আসবে। আরো আক্রান্তের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ এই কঠিন পরিস্থিতে মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচটি হবে কিনা সে নিয়েও সংশয় তৈরি হয়েছে। ৮ মে পর্যন্ত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ রয়েছে। এদিকে চেন্নাই সুপার কিংসের তিন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়। এ কারণে সোমবার দলটির অনুশীলনও বাতিল করা হয়। তবে সোমবার বিকেলে পুনরায় তাদের পরীক্ষার ফল নেগেটিভ আসে। এই তিন জনের মধ্যে ছিলেন চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষিপতি বালাজি।

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন থিসারা পেরেরা
স্পোর্টস ডেস্ক॥ সবাইকে কিছুটা চমকে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেট সোমবার এক বিবৃতিতে এই ৩২ বছর বয়সীর অবসরের কথা জানায়। শ্রীলঙ্কার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সারথি ছিলেন পেরেরা। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হয়ে থাকল দেশের হয়ে তার শেষ ম্যাচ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে অবসর নিয়েছেন থিসারা পেরেরা। তবে ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলে যাবেন।
তবে পেরেরার হঠাৎ অবসর নিয়ে জল্পনা থামছে না। বৃহস্পতিবারই ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করার কথা শ্রীলঙ্কার নির্বাচকদের। তার আগেই নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন থিসারা পেরেরা।
সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম বলছে, এই সিরিজের জন্য শ্রীলঙ্কার নির্বাচকরা ঠিক করেছিলেন, কিছু সিনিয়রকে বসিয়ে নতুন মুখকে সুযোগ করে দেবেন। যে সিনিয়রদের বসানোর ভাবনা তাদের ছিল, তার মধ্যে নাকি থিসারা পেরেরা নামও ছিল। তাকে বসানোর আগেই নিজে থেকে সরে দাঁড়ালেন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার অন্যতম সেরা অলরাউন্ডার। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক সদস্য এক সংবাদপত্রকে জানিয়েছেন, সিনিয়র প্লেয়ারদের মধ্যে দিমুথ করুনারতেœ, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সুরঙ্গা লাকমাল এবং থিসারা পেরেরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। সম্ভবত সে কারণেই ক্ষোভে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন থিসারা পেরেরা।
২০০৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পেরেরার। ১২ বছরে দেশের হয়ে ৬টি টেস্ট, ১৬৬টি ওয়ানডে এবং ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন দাপুটে এই অলরাউন্ডার। ওয়ানডেতে ২৩৩৮ রান করার পাশাপাশি ১৭৫টি উইকেট নিয়েছেন পেরেরা। শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২০৪ রান করার পাশাপাশি ৫১ উইকেট নিয়েছেন। টেস্টে তার নামের পাশে ২০৩ রান ও ১১ উইকেট। তিনিই শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার, যিনি এক ওভারের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন।

অক্সিজেন কিনতে ভারতকে ৪২ লাখ টাকা দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক॥ ভারতে কভিডের জন্য অর্থ সাহায্য দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাতিসংঘের মাধ্যমে দেশটিকে ৪২ লাখ টাকা দিয়েছেন তারা। ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুরুতর অসুস্থ রোগীদের জন্য অক্সিজেন কিনতে এই অর্থ ব্যবহার করা হবে। চাইলে কভিড পরীক্ষার কিটও কেনা যাবে। বিরাট কোহলির সঙ্গে একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সুসম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্বের ছবি এ বার দেখা গেল কঠিন পরিস্থিতিতেও। অস্ট্রেলিয়া করোনা অনেকটাই সামলে নিলেও ভারত রীতিমতো বিপর্যস্ত।
সিএ বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে। ক্রিকেট হলো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে প্যাট কামিন্স এবং ব্রেট লি যেভাবে ভারতকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তা দেখে আমরা মুগ্ধ। তাই ইউনিসেফের মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা গর্বিত।’ ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের ভয়াবহতা অব্যাহত রয়েছে। তবে আগের দু’দিনের চেয়ে কিছুটা কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন। শনিবার ভারতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছিল। রবিবার ও সোমবার তা কিছুটা কমেছে। অবশ্য শনিবারের তুলনায় গত দু’দিন করোনা পরীক্ষাও হয়েছে কম।

মেসির ‘ভালো-মন্দের’ রাতে বার্সার কষ্টের জয়
স্পোর্টস ডেস্ক॥ দুর্দান্ত ফ্রি-কিকে গোল করলেন। আবার মিস করলেন পেনাল্টি। লিওনেল মেসির এমন অম্ল-মধুর পারফর্ম্যান্সে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। রবিবার রাতে লা লিগার ম্যাচে পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। গাব্রিয়েল পাউলিস্তার গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১২ মিনিটে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। শেষ দিকে কার্লোস সলের ব্যবধান কমালেও এবার আর বার্সেলোনাকে আটকাতে পারেনি তারা। ৩৪ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৭৬। রিয়ালের সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা সেভিয়ার পয়েন্ট ৭০।
এদিন ৫০ মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। সলেরের দূরের পোস্টে নেওয়া কর্নারে পেছন থেকে বিনা বাধায় ছুটে গিয়ে হেডে বল ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা।
সাত মিনিট পর সমতা টানেন মেসি। ভালেন্সিয়ার ডি-বক্সে ডিফেন্ডার ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে মেসির ক্রস ঠেকানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বার্সেলোনা অধিনায়কের দুর্বল স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন ইয়াসপের সিলেসেন। আলগা বল পেয়ে পেদ্রির নেওয়া শট গোললাইনে প্রতিহত হয়। এরপরও বল ক্লিয়ার হয়নি, ফাঁকায় বল পেয়ে জোরালো শটে স্কোরলাইন ১-১ করেন মেসি। ৬৩তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। লক্ষ্যভেদ করেন গ্রিজমান। ৬৯তম মিনিটে মেসির সেই ফ্রি-কিক। প্রায় ২০ গজ দূর থেকে তার বাঁকানো শটে বল কাছের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। এবারের লিগে এই নিয়ে ২৮ গোল করলেন রেকর্ড সাতটি পিচিচি ট্রফি জয়ী মেসি। ৭ গোল কম নিয়ে তালিকার দুই নম্বরে করিম বেনজেমা। ৮৩ মিনিটে ব্যবধান কমায় ভালেন্সিয়া। ৩৫ গজ দূর থেকে বুলেট গতির শটে গোলটি করেন সলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই হবে: বিসিসিআই
স্পোর্টস ডেস্ক॥ গত বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা এক বছর পিছিয়ে যায়। দেশটিতে করোনার প্রকোপ বেড়ে এ বছর অক্টোবর-নভেম্বরের আসরটি নিয়েও রয়েছে শঙ্কা। এরই মধ্যে ভেন্যু বদল হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানাল, কোনো বিকল্প নয়, ভারতের মাটিতেই হবে বিশ্বকাপ।
সম্প্রতি বিসিসিআইয়ের কর্মকর্তা ধীরাজ মালহোত্রা সেদেশের একটি সংবাদমাধ্যমকে জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য ভারতের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে তৈরি রাখা হচ্ছে। তবে ঐ কর্মকর্তার এমন বক্তব্যে চটেছে বিসিসিআই। তারা জানিয়ে দিয়েছে, একজনের বক্তব্যে সবকিছু নিশ্চিত হয়ে যায় না। বিকল্প ভাবনা তৈরি রাখতে পারে একমাত্র গভর্নিং বডি। প্রতিযোগিতার ডিরেক্টরের সেই অধিকার নেই।
সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন, ‘বিশ্বকাপ ভারতেই হবে। কোনো দ্বিতীয় বিকল্প নিয়ে এখনো আলোচনা হয়নি। গভর্নিং বডি বা অ্যাপেক্স কাউন্সিলের কাছে বিকল্প ভাবনার কোনো খবর এখনো আসেনি। তাই বিশ্বকাপ সরতে পারে এরকম ভাবনাচিন্তাই অবাস্তব।’ তিনি আরো বলেছেন, ‘ভারত অনেক বড় দেশ। এখানে অনেক স্টেডিয়াম আছে। বিকল্প কেন্দ্র খুঁজতে চাইলে দেশের ভেতরেই তা পাওয়া যেতে পারে। পরিস্থিতি ঠিক না হলে কোনো রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর চাপ দিতে চাই না আমরা। আইপিএলের আয়োজন থেকে শিক্ষা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে।’

ভাগ