স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়াসহ বিভিন্ন দাবিতে যশোর মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ করোনাকালে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের সরকারিভাবে খাদ্য ও আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানান। পহেলা মে’র পূর্বে শ্রমিক কর্মচারীদের উৎসব ভাতাসহ বেতন পরিশোধ, তাদের স্বাস্থ্য সুরক্ষার যথাযথ ব্যবস্থা নেয়া এবং সকল মেহনতি ও দরিদ্রদের প্রতি সকলকে মানবিক আচরণ করার দাবি জানান। মানবন্ধনে জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এস এম মিজানুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক কৃষ্ণলাল সরকার প্রমুখ।





