সমুদ্রে অচল নৌকায় ভাসমান ৩০ রোহিঙ্গা উদ্ধার

লোকসমাজ ডেস্ক॥ সমুদ্রে অচল বোটে ভাসমান অবস্থায় শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ২০ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। লে. কমান্ডার আমিরুল হক জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা গত ২৩ এপ্রিল বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে রওনা হয়। পরে গত ২৫ এপ্রিল রাতে সমুদ্রে অবস্থানকালীন সময় তারা ডাকাতদের কবলে পড়ে। এ সময় ডাকাতদল তাদের মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়। এরপর নৌকাটি নিয়ন্ত্রণহীন হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন বাহারছড়ার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। লে. কমান্ডার আমিরুল হক বলেন, রোহিঙ্গারা জানান দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারেননি। উদ্ধার রোহিঙ্গাদের বিষয়ে রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের (আরআরসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাগ