লোকসমাজ ডেস্ক॥হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা রোববার আহমদ আবদুল কাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো: মাহবুব আলম বলেন, সাম্প্রতিক সময়ে হেফাজতের তাণ্ডবে আহমদ আবদুল কাদেরের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ছাড়া তিনি ২০১৩ সালে শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলার আসামি।
ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে।’





