লোকসমাজ ডেস্ক॥দেশ করোনা টিকার জন্য কঠিন সঙ্কটের মুখোমুখি। এমন মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা দেখা দিয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার। টিকা পাওয়ার যোগ্য সকল নাগরিককে টিকা দেয়া সরকারের দায়িত্ব। অথচ যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত। ভারতীয় কোম্পানি সেরামের সাথে চুক্তি অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে?
রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী সাক্ষরিত বিবৃতিতে জি এম কাদের আরো বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান উল্লেখ করেন, গত বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সাথে যোগাযোগ রাখতে পরামর্শ দেয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে, এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। যে কারণে বর্তমানে দেশ টিকার জন্য কঠিন সঙ্কটের মুখোমুখি।
সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।





