যশোরে বামগণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলন করোনাকালে সাধারণ মানুষের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালে সাধারণ মানুষের খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট।
গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বামগণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক অ্যাড. আবুল হোসেন বলেন, শ্রমজীবী মানুষ খাদ্যের অভাবে লকডাউন না মেনে পথে নামতে বাধ্য হচ্ছে। আবার সরকার এস আলম গ্রুপের ৩ হাজার ১৭০ কোটি টাকা কর মওকুফ করেছে। যা দিয়ে হাসপাতালসহ করোনা প্রতিরোধ সহায়ক কিছু করা যেতো। আমরা লকডাউনের আগেই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম। সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য ১ মাসের খাদ্য ও ৫ হাজার টাকা দিয়ে লকডাউন কার্যকর করার জন্যে। সরকার জনগণের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ রাখার কথা বললেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল। কিন্তু ইতিপূর্বে দুর্নীতির দায়ে অনেক জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত হলেও তারা স্বপদে বহাল আছেন। ফলে, এই সহযোগিতা পাওয়া নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। লকডাউনের মধ্যে রিকশা নিয়ে রাস্তায় বের হলে চালককে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অথচ, ব্যক্তিগত গাড়ি চলছে হরহামেশাই। তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ চালুকরাসহ কয়েক দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে করোনাকালীন লকডাউনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার গরিব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি বরাদ্দকৃত অর্থ ও সহযোগিতাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে জনসম্মুখে প্রকাশ করা, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য নিশ্চিত করার জন্যে ডাক্তার নিয়োগ করে করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা। তিনি চট্টগ্রাম, বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে জনগণের সকল সাংবিধানিক অধিকার বাকব্যক্তির স্বাধীনতা এবং সকল গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সমন্বয়ক হাসিনুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা পলাশ বিশ্বাস প্রমুখ।

ভাগ