লোকসমাজ ডেস্ক॥প্রতিদিন ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হেলথ কেয়ার সেক্টরে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। নেই পর্যাপ্ত অক্সিজেনের যোগান, ফুরিয়ে আসছে জীবনদায়ী ওষুধের সরবরাহ, হাসপাতালে মিলছে না বেড। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে মুমুর্ষ রোগীর কাছে সাহায্য পৌঁছে দিতে এগিয়ে আসছেন তারকারা। গত কয়েক মাসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রিয়া চক্রবর্তী এবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানালেন। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া লেখেন, কঠিন সময়ে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে, নিজের সাধ্য মতো সকল মানুষের পাশে থাকুন, ছোট অথবা বড় সাহায্যের বিচার করবেন না, সাহায্য সবসময়ই মূল্যবান। আমাকে মেসেজ করুন যে কোনও প্রয়োজনে, সম্ভব হলে আমি নিশ্চয় সাহায্য করব। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো। ভালো থাকুন..সহমর্মী হন।
ভালোবাসা এবং অনেক শক্তির প্রার্থনা।





