বিএম আসাদ ॥ করোনা ভাইরাস আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। এ ভাইরাসে যিনি সংক্রমিত হচ্ছেন তিনি মারাত্মকভাবে অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছেন। যশোরে করোনায় নতুন করে আরও ৫০ জন আক্রান্ত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসা ও ম্যানেজমেন্ট কাজে নিয়োজিত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, প্রথম ধাপে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সংক্রমণের মাত্রা ছিল কম। মানুষ সহজেই সুস্থ হয়ে যেতেন। তাদের শারীরিক দুর্বলতার মাত্রাও কম ছিল। তখন মানুষ আতঙ্কিত হননি। অনেকে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলাফেরা করছেন। কিন্তু দ্বিতীয় ধাপে করোনার গতি অনেক বেড়েছে। ব্যাপক শক্তিশালী হয়েছে সংক্রমণ। ডা. মো. আরিফ আহমেদ আরও বলেন, এখন যিনি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন- তার ফুসফুস দ্রুত এবং বেশি মাত্রায় ক্ষতি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই রোগী অসুস্থ ও দুর্বল হয়ে পড়ছে। এতে মৃতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এ ভয়াবহ পরিস্থিতির শিকার যাতে কেউ না হন সে জন্য তিনি সাবধানতা হিসেবে নিজ দায়িত্বে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছেন।
এদিকে গতকাল ২৪ ঘন্টায় যশোরে নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ দৈনন্দিন প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ২শ’ ২৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এ রিপোর্টে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। এ নিয়ে এ জেলায় সর্বমোট ৬ হাজার ১শ’ ২৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২শ’ জন। আক্রান্তদের ভেতর ৮৩ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছেন। ৮শ’ ২৮ জন আইসোলেশনে রয়েছেন।





