লোকসমাজ ডেস্ক॥হিজাবি মডেল হিসেবে বেশ পরিচিত নাম রথি আহমেদ। মডেল হওয়ার পাশাপাশি তিনি একজন ইনফ্লুয়েন্সারও। তিনি দেশের প্রথম টিকটকার যিনি বিভিন্ন ব্র্যান্ডের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। পাশাপাশি একটি নামি কোম্পানির হিজাব রিসার্চ শ্যাম্পুর মডেল হিসেবেও কাজ করছেন রথি। তবে শুরুর দিকে রথির এই পথচলাটা মোটেও সহজ ছিল না। শত প্রতিকূলতা পার করেই সামনে উঠে এসেছেন তিনি। রথি বলেন, একটি বিজ্ঞাপনের জন্য আমাকে চূড়ান্ত করার পর তারা জানায়, ক্যামেরার সামনে খোলা চুলে থাকতে হবে। হিজাব ছাড়া নাকি আমাকে স্ক্রিনে ভালো লাগবে।
তখন ভাবলাম, তাহলে কি হিজাব পরে কাজ করা যাবে না! সিদ্ধান্ত নিই নিজে যেমন তেমনই থাকবো। এরপর থেকে যত ব্র্যান্ডের কাজ করেছি, সবগুলোতে হিজাব পরেছি। রথি বলেন, আমি ছোটবেলা থেকে হিজাব পরি। হিজাব পরা নিয়ে আমার পরিবার থেকে চাপ ছিল না। নিজের ইচ্ছাতেই পরা শুরু করি। তিনি বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক প্রভৃতি প্ল্যাটফরমে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কাজ করছি ট্রাভেল ভিডিও নিয়ে। এটা মেয়েদের জন্য একটা চ্যালেঞ্জ। সামনে একটা রেস্টুরেন্ট ও ফ্যাশন হাউজ গড়তে চান রথি। তিনি বর্তমানে ফ্যাশন ক্লথিং নিয়ে পড়াশোনা করছেন।





