স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে নির্মাণাধীন মসজিদের পিলার ভাঙচুর করা হয়েছে। বাধা দিতে গেলে সংঘর্ষে ৮ জন আহত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়–রিয়া গ্রামে। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বড়–রিয়া গ্রামের জামে মসজিদ গড়াই নদীর ভাঙনে ভেঙে যায়। পরে গ্রামবাসী অন্যত্র মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক বড়–রিয়া গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দানকৃত জমিতে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। এদিকে দানকৃত জমির মালিকানা দাবি করে ওই গ্রামের তমাল নামের এক ব্যক্তি। এ নিয়ে বেশ কয়েকদিন যাবৎ জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে নির্মাণাধীন মসজিদের দুইটি পিলার ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আলাউদ্দিন, নজরুল, শরিফুল, আল্লেক, সোহান, জামাল ও গোলাম মোস্তফাসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে নজরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জমিদানকারী খন্দকার পলাশ জানান, তিনি মসজিদের জন্য ৬ শতক জমি স্বেচ্ছায় দান করেন। দানকৃত জমিতে মসজিদ নির্মাণ কাজ চলছিলো। বৃহস্পতিবার ভোরে তমাল ও বড়–রিয়া গ্রামের মকলেছ বিশ^াসের নেতৃত্বে দুলাল বিশ^াস, মনোয়ার বিশ^াস, কায়েম শেখ, রইচ মোল্লাসহ ১৫/২০ জন মসজিদের নির্মাণাধীণ দুটি আরসিসি পিলার ভেঙে উপড়িয়ে ফেলে। তমাল জানান, পলাশের দানকৃত জমিতে মসজিদ নির্মাণে কোন বাধা নেই। কিন্তু রেহানা খাতুন যে দুই শতক জমি দান করেছে তার মালিক আমরা। আমাদের জমিতে মসজিদের যে দুটি পিলার করেছিল তা তুলে দিয়েছি। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বড়–ু–রিয়া গ্রামে পাশাপাশি দুটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।





