অভয়নগরে ট্রাকের চাপায় নসিমনের চালক নিহত

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে ট্রাকের চাপায় রবিউল সরকার (৪২) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুট মিল সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল সরকার অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের রশিদ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে ধানবোঝাই একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়েন নসিমন চালক রবিউল সরকার। পরে ওই ট্রাকের চালক রাজুু আহত রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ট্রাকচালক রাজু জানান, নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তার ট্রাকের সাথে ধাক্কা খায়। এসময় রবিউল সরকার ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাসতুরা মারজানা তৃষা জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা চলাকালে মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই জিন্নাহ আলম জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত নসিমনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাগ