গণপরিবহন চালুর দাবিতে যশোরে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার॥ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার যশোর জেলার পরিবহন শ্রমিকদের সকল সংগঠনের যৌথ আয়োজনে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, চলমান লকডাউনে কেবলমাত্র গণপরিবহন সংশ্লিষ্ট শ্রমিকরা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন এসব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন। নিত্যদিনের আয় উপার্জন দিয়ে তাদের সংসার চলে। আর উপার্জন বন্ধ হওয়া এসব শ্রমিকরা পাচ্ছেন না কোন সাহায্য সহযোগিতা। এভাবে চলতে থাকলে করোনার কারণে নয়, তারা না খেয়েই মারা যাবে। তিনি আরও বলেন, লকডাউনে গণপরিবহন বাদে অন্যান্য শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কর্মের সুযোগ দেয়া হয়েছে। তাই, আমরাও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে চাই। তাদের এই দাবি মেনে গণপরিবহন চালু করার পাশাপাশি শ্রমিক পরিবারের জন্য রেশনিং ব্যবস্থায় ১০ টাকা কেজি দরে চাল ক্রয়ের ব্যবস্থা করারও জোর দাবি জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু, জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর সিদ্দিকী আলম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিশু, শ্রমিকনেতা গোলাম মোস্তফা প্রমুখ।

ভাগ