স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় মেসার্স হামজা ব্রিকস নামে একটি ইটভাটা বুধবার দুপুরে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই ভাটার ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফারুক হোসেন জানান, খুলনার আপ্যায়ন কমিউনিটি সেন্টারের মালিক হুমায়ূন কবীর কয়েক বছর ধরে কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের আগরহাটি এলাকায় অবৈধভাবে মেসার্স হামজা ব্রিকসের কার্যক্রম চালিয়ে আসছিলেন। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ওই ইটভাটায় অভিযান পরিচালনা করলে ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ সময় ভাটা মালিক অনুপস্থিত থাকায় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ভাটার ম্যানেজার তপন চক্রবর্তীকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেশবপুর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করে।





