লকডাউনে ফুলচাষিদের ব্যাপক ক্ষতি কালীগঞ্জে

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কিছুদিন আগেও মাঠের পর মাঠ বাতাসে দোল খাচ্ছিল লিলিয়াম, গাঁদা, রজনীগন্ধা, গোলাপ গ্লাডিওলাসসহ নানা জাতের ফুল। চাষিরা এই ফুলের রঙে রঙিন স্বপ্নে বিভোর ছিলেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা, লাউতলা বাজার ও কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে দুপুর গড়ালে ফুলে ফুলে ভরে যেত। এসব বাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ফুল কিনতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ভিড় জমাতেন। ফুলচাষি আর ব্যাপরীর হাঁকডাকে মুখরিত থাকতো এসব এলাকা। তবে করোনার কারণে সে দৃশ্য পাল্টে গেছে। এসব স্থানে এখন আর কাউকে দেখা যাচ্ছে না।
প্রায় লাখ টাকা খরচ করে তিন বিঘা জমিতে গাঁদা আর দুই বিঘা জমিতে রজনীগন্ধা চাষ করেছিলেন কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর ঘিঘাটি গ্রামের হোসেন আলী। সবেমাত্র ফুল উঠা শুরু হয়েছিল। সপ্তাহে গড়ে ৩০-৪০ হাজার টাকার ফুল বিক্রি করছিলেন তিনি। আরও তিন মাস ফুল বিক্রি হতো। কিন্তু লকডাউনে সব বন্ধ হয়ে গেছে। তিনি জানান, লকডাউনে ফুল বিক্রি করতে না পারায় দুই বিঘা গাঁদা ও এক বিঘা জমির রজনীগন্ধা ফুল তুলে ফেলেছেন। দুই বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করেছিলেন একই এলাকার কৃষক আনোয়ার হোসেন। তিনি বলেন, এক সপ্তাহ ধরে বেচাকেনা বন্ধ থাকায় জমিতেই নষ্ট হচ্ছে ফুল। গাছ থেকে একবার ফুল তুলতে প্রায় চার হাজার টাকা খরচ হয়। পকেটের টাকা খরচ করে এভাবে ফুলগাছ বাঁচিয়ে রাখা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে ফুল গাছ তুলে ফেলতে হচ্ছে।
জেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর ঝিনাইদহের ছয়টি উপজেলায় ১৭৩ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছিল। এরমধ্যে গাঁদা ১১৩ ও রজনী ২৪ হেক্টর, বাকি জমিতে অন্যান্য ফুল চাষ হয়েছে। গেল বছর এ জেলায় ফুল চাষ হয়েছিল ২৪৫ হেক্টর জমিতে। প্রতিবছর সব থেকে বেশি ফুলের চাষ হয় সদর উপজেলার গান্না ও কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে।
গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে ফুল বিক্রিতে ধস নামে। এতে ফুলচাষিদের ব্যাপক লোকসান হয়। বিক্রি করতে না পারায় ফুলক্ষেত গরু-ছাগল দিয়ে খাইয়েছিলেন। করোনার প্রভাব কিছুটা কমার পর চাষিরা নতুন করে ফুল চাষ শুরু করেন। সেই ক্ষতি পুষিয়ে উঠার স্বপ্নে সবেমাত্র ফুল বিক্রি শুরু হয়। কিন্তু এবারো সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর ঘিঘাটি গ্রামের ফুলচাষি আনোয়ার হোসেন জানান, ‘প্রায় ৭০ হাজার টাকা খরচ করে ফুল চাষ করেছিলাম। কিন্তু করোনা সব মাটি করে দিল।’ চাষি শফিকুল ইসলাম জানান, ‘গত বছর করোনার আগে প্রায় দুই বিঘা জমিতে গাঁদা ফুল ছিল। লকডাউনে পরিবহন বন্ধ থাকায় বাজারে ফুল নিতে পারিনি। ফলে সব গাছ কেটে ফেলতে হয়েছিল। এতে লোকসান হয় দেড় লাখ টাকার মত। এবার সে ক্ষতি পুষিয়ে নিয়ে গাঁদা ফুল চাষ করেছিলাম। কিন্তু আবারো স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল।’
উল্লেখ্য, ১৯৯১ সালে ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সৌখিন কৃষক ছব্দুল শেখ সর্বপ্রথম ফুল চাষ করেন। ওই বছর মাত্র ১৭ শতক জমিতে চাষ করে ৩৪ হাজার টাকার ফুল বিক্রি করেন। এরপর এলাকায় ফুল চাষ বিস্তার লাভ করতে থাকে। সেখান থেকে শুরু হয়ে বর্তমানে জেলার হাজার হাজার কৃষক ফুলচাষ করে স্বাবলম্বী হচ্ছেন। একই সাথে কর্মসংস্থান হয়েছে বহু নারী-পুরুষের।

ভাগ