খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক তৈয়ব মুন্সী গ্রেফতার

লোকসমাজ ডেস্ক॥ খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আবু তৈয়ব মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ।
আবু তৈয়ব মুন্সী বেসরকারি টিভি চ্যানেল এনটিভির খুলনা ব্যুরোর প্রধান। ফেইসবুকে তার এক লেখায় মেয়রের সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, খুলনা সিটির মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক মঙ্গলবার বিকালে এই মামলা করেন। এ মামলার নম্বর- ২৫। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২),২৯(২),৩১(১) ও ৩১(২)/৩৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
পরে রাত সাড়ে ১০টার দিকে শহরের নূরনগর এলাকার বাসা থেকে তৈয়ব মুন্সীকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, “সাংবাদিক তৈয়ব সম্প্রতি মেয়রকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে মেয়রের বিরুদ্ধে মোংলা কাস্টমসে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপন করা হয়। এতে মেয়রের সম্মানহানি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।”
অভিযোগে বলা হয় পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন আক্রমণাত্মক এবং মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি গঠনের উপক্রম করার চেষ্টা করেছেন আবু তৈয়ব। মামলায় অপর আসামি হলেন দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি সবুর রানা।
গ্রেফতারের পর সাংবাদিকরা মেয়রের দপ্তরে গেলে মেয়র কথা বলতে চাননি। মেয়রের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।
গতকাল বুধবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “গত দুই-তিন দিন ধরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তৈয়ব আমার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা খবর ও কুৎসা প্রচার করেছেন।
“এতে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিত ইবনে আকবর জানান, সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করে থানায় আনা হয়। সকালে (গতকাল) তাকে ওই মামলায় আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাগ