সংবাদ সম্মেলনে অভিযোগ মাশরাফি-এসপিসি গ্রুপের চুক্তি নিয়ে অসাধু চক্রের ফায়দা নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে এসপিসি গ্রুপের বাণিজ্য চুক্তি সম্পাদিত হলেও একটি অসাধু চক্র এ থেকে ফায়দা নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এমন অভিযোগে গতকাল বুধবার প্রেসক্লাব যশোরে প্রতিষ্ঠানের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে এসপিসি গ্রুপের পরিচালক এম সাব্বির হোসেন বলেন, মাশরাফি বিন মর্তুজার সাথে তাদের বাণিজ্য চুক্তি সম্পাদনকালে চুক্তি স্বাক্ষরকালীন ছবি ও টিভি কমার্শিয়াল তৈরি করা হয়। যা মাশরাফি-বিন-মর্তুজা কর্তৃক অনুমোদিত। কিন্তু গত ২০ এপ্রিল মোহাম্মদ ইসমাইল শরিফ তার ফেসবুক ও ইউটিউবে এসপিসি গ্রুপ ও মাশরাফি-বিন-মর্তুজার ছবি নিয়ে একটি পোস্ট করেন। সেখানে লেখা হয় এসপিসি থেকে অল্প পুঁজিতে অধিক আয় করতে চাইলে যোগাযোগ করুন। এরকম আরও অজ্ঞাতনামা ব্যক্তি মাশরাফি বিন মর্তুজার বিভিন্ন তথ্য সংকুলন করে অবৈধভাবে প্রচার করছে। যা আইন বিরোধী এবং অত্যন্ত ঘৃণিত কাজ। মূলত ওই অসাধু চক্রটি মিথ্যা তথ্য ও চটকদার বিজ্ঞাপন দিয়ে ফায়দা নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মাশরাফি-বিন-মর্তুজা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য। অসাধু চক্রের এমন কার্যক্রমে তার মানহানির পর্যায়ে পড়েছে এবং এসপিসি গ্রুপের অর্জিত সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাদেরকে নিবৃত্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ বিষয়ে তারা কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এসপিসি গ্রুপের কর্মকর্তা সাহাবুদ্দিন, সাহাবুল ইসলাম সবুজ, আতাউর রহমান, মাসুম বিল্লাহ, বদরুজ্জামান প্রমুখ।

ভাগ