লোকসমাজ ডেস্ক॥মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য, শ্রীপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দানবীর, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী শরিফুল ইসলাম (পিরু কাজী) বার্ধক্যজনিত কারণে সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কাজী শরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মরহুম কাজী শরিফুল ইসলাম মাগুরা জেলা ও শ্রীপুর থানা বিএনপিকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। এলাকায় বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে মরহুম কাজী শরিফুল ইসলাম সর্বস্তরের মানুষের নিকট ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। তিনি তার নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে অবদান রেখে গেছেন। ধার্মিক, সজ্জন, ন্যায়পরায়ণ ও দানশীল এই মানুষটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছেন বলেও শোকবার্তায় উল্লেখ করেছেন।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম কাজী শরিফুল ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। – বিজ্ঞপ্তি





