যশোরে মাদক ব্যবসায়ীদের হামলা ও সংঘর্ষে আহত ৮

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় স্বামী ও স্ত্রীসহ ৩ জন আহত হয়েছেন। অপরদিকে, সদর উপজেলার চানপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। খড়কিতে আহতরা হচ্ছেন, কামরুল হাসান বিপ্লব (৪০) তার স্ত্রী সামিনা আক্তার তৃষা (৩৫) ও আত্মীয় একই এলাকার আকবর হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) আহত কামরুল হাসান পলাশ জানিয়েছেন, একই এলাকার কালাবাশার তার বাসার সামনের গলিতে মাদকের ব্যবসা করে। গতকাল বেলা ১১টার দিকে একইস্থানে মাদক ব্যবসা করার সময় কামরুল হাসান প্রতিবাদ করেন। এতে ওই মাদক ব্যবসায়ী তার সহযোগিদের নিয়ে কামরুলের উপর হামলা চালায়। তখন স্ত্রী সামিয়া আক্তার ও আত্মীয় সুফিয়া বেগম উদ্ধার করতে আসলে তারাও হামলার শিকার হন।
অপরদিকে, সদর উপজেলার চানপাড়া গ্রামে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, মুক্তার আলী (৭৫), তার দু’পুত্র জাহিদ হাসান (২৯), শাহিন আক্তার (৩৮), মোসলেম আলী (৭২) ও পলাশ (৩০)। আহতরা জানিয়েছেন, মোসলেম আলীর ইরি-বোরো ধানের ক্ষেতে জাহিদ হাসান স্যালোমেশিনের পানি দেন। এতে ধান কাটাতে সমস্যা হয়। এ নিয়ে তাদের মধ্যে গোলযোগ বাধে। গোলযোগের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাগ