ঝিনাইদহে বোরো ধান কর্তন ও মাঠ দিবস পালন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার সাধুহাটি গ্রামের সদর কৃষি অফিসের আয়োজনে কৃষক নাজিরুল ইসলামের ক্ষেতে নমুনা কর্তনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সাধুহাটি ইউনিয়নের কাজী নাজির উদ্দিনসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ৮০ হাজার ২’শ ৮৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার ব্রি-ধান-৮২, ২৮সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হয়েছে। এদিকে ঝিনাইদহে বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষি বিভাগের ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ধান চাষে নানা পরামর্শ দেওয়া হয়। এছাড়াও চাষ সম্পর্কিত কৃষকদের নানা প্রশ্নের জবাব দেন কৃষি কর্মকর্তারা।

ভাগ