স্টাফ রিপোর্টার ॥ যশোরে আরও ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৮৪ জনে। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এ জেলা থেকে ২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ল্যাব থেকে পরীক্ষাকৃত ১৯৬ নমুনায় ৩৯ জনের করোনা পজেটিভ হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা হাসপাতালের ৪৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ১২ জনের করোনা পজেটিভ হয়। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১ জনের মধ্যে শুধুমাত্র ৪৫ জন সদর উপজেলার। এছাড়া মনিরামপুরে ৩, শার্শা, ঝিকরগাছা ও অভয়নগর উপজেলায় ১ জন করে শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। করোনা উপসর্গ নিয়ে ৫৮ জন হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং ১০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন, ৫১ জন। তবে, যশোরের আট উপজেলার মধ্যে অতি মাত্রায় করোনা সংক্রমিত হচ্ছে সদর উপজেলায়। যশোরে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৫ হাজার ৮৮৪ জনের মধ্যে এ উপজেলার ৩ হাজার ৮৪৪ জন। যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি। এছাড়া অভয়নগরে ৫৭৪, শার্শায় ৩৫০ জন, ঝিকরগাছায় ৩২৪ জন, কেশবপুরে ২৮৪ জন, মনিরামপুরে ১৯৬ জন, চৌগাছায় ১৮৮ জন এবং বাঘারপাড়া উপজেলায় ১১৭ জন শনাক্ত হয়েছেন।





