লোকসমাজ ডেস্ক॥খেলা হচ্ছে প্রচন্ড দাবদাহে। একেক ভেন্যুতে একেকরকম অবস্থা। প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বের প্রথম দিনেও চার ম্যাচে হয়েছে দুটি সেঞ্চুরি। আবার বোলারদের ভেলকিও আছে এতে।
আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে বিকেএসপি মাঠে বরিশাল আর রাজশাহী ম্যাচের প্রথম দিনই স্পিনারদের দোর্দণ্ড দাপট। স্পিনারদের ঘুর্ণি বলের সামনে অসহায় অবস্থা দুই দলের ব্যাটসম্যানদের। যার ফলে সারা দিনে উইকেট পড়েছে মোট ২১টি।
ওই ২১ উইকেটের ১৪টি ভাগ করে নিয়েছেন জাতীয় দলে খেলা তিন স্পিনার সোহাগ গাজী (৬৫ রানে ৬ টি), তাইজুল ইসলাম (১৯ রানে ৪টি) ও সানজামুল ইসলাম (৩৯ রানে ২টি)।
প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীর দুই বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম আর সানজামুল ইসলাম নয়নের স্পিন ছোবলে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় বরিশাল। তাইজুল ও সানজামুল দু’জনেই ৪টি করে মোট ৮ উইকেটের পতন ঘটান।
জবাবে রাজশাহীও খুব বেশি দুর যেতে পারেনি। অফস্পিনার সোহাগ গাজীর ঘূর্ণি বোলিংয়ের মুখে রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয় ১৫২ রানে।
অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে আসে সর্বাধিক ৪৩ রান। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম ৩৬ ও বাঁ-হাতি তাইজুল নীচের দিকে ৩৭ রান করে প্রথম ইনিংসে রাজশাহীকে ৬৯ রানে লিড পাইয়ে দেন।
পাল্টা ব্যাটিংয়ে নেমে পড়ন্ত বিকেলে বরিশাল দিন শেষে করেছে ১ উইকেটে ২৩ রানে। আগামীকাল ৪৬ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বরিশাল।
বরিশাল প্রথম ইনিংস : ৮২/১০, ২৯.৩ ওভার (মইনুল ১২, সালমান ১৩, সোহাগ গাজী ১১, মঈন খান ১৮, মোহর শেখ ২/৭, তাইজুল ৪/১৮ ও সানজামুল ৪/৩৯) ও দ্বিতীয় ইনিংস : ২৩/১, ৭ ওভার (সৈকত আলি ৪, মইনুল ১১ ব্যাটিং, কামরুল ৮ ব্যাটিং, তাইজুল ১/৯)।
রাজশাহী প্রথম ইনিংস : ১৫২/১০ (তানজিদ হাসান তামিম ৩৬, জহুরুল ইসলাম অমি ১৫, জুনায়েদ সিদ্দিকী ৪৩, তাইজুল ৩৭, সোহাগ গাজী ৬/৬৫, কামরুল ইসলাম ১/২১ ও মনির ১/৪)।





