লোকসমাজ ডেস্ক॥ সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে এবার শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। কিন্তু তাদের জুটির রান একশ পার হতেই যেন লেগে যায় মড়ক। খুব অল্প সময়ের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। যার শুরুটা হয় ৩৭ বলে ৩৭ রান করা রোহিত শর্মার বিদায়ের মাধ্যমে। পরে পরপর সাজঘরের পথ ধরেন শিখর ধাওয়ান এবং বিরাট কোহলিও। ভারতের এই অবস্থার পেছনে নিজেকে দায়ী করছেন টেস্ট দলের অন্যতম প্রধান অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন। তার করা টুইটের পরই কুফা লেগেছে ভারতীয় ইনিংসে, এমনটাই মনে করছেন অশ্বিন। সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪ ওভারেই শতরান পূরণ করে ভারত। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোহিতের প্রশংসা করে এক টুইটবার্তা দেন অশ্বিন। যার পরই আউট হয়ে যান রোহিত। ফলে নিজের টুইটও ডিলিট করে দেন অশ্বিন। অশ্বিন লিখেছিলেন, ‘ওয়ানডে ক্রিকেটে মাত্র একবার চারশর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে এবং রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি রয়েছে তিনটি।’ এর সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন ‘এমনিই বললাম।’ এই টুইটবার্তার ঠিক পরের ওভারেই আদিল রশিদের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ৩৭ রান করা রোহিত। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারেন অশ্বিন। ফলে আগের টুইট মুছে দিয়ে নতুন বার্তায় তিনি লিখেন, ‘আমি আমার আগের টুইট মুছে দিয়েছি। ভালো একটা শুরুকে কুফা লাগিয়েছি।’





