ওয়াকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানি পেসারের

লোকসমাজ ডেস্ক॥ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা সুইং বোলার ওয়াকার ইউনিস। বিশেষ করে পুরোনো বলে রিভার্স সুইংয়ের জন্য বিশেষ নামডাক ছিল তার। তবে এ কাজ করতে ক্রিকেট বলের ক্ষতিসাধন করতেন ওয়াকার, এমন অভিযোগ করেছেন পাকিস্তানের আরেক সুইং বোলার মোহাম্মদ আসিফ। পাকিস্তান তথা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে ২০০৩ সালে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন ওয়াকার ইউনিস। এর দুই বছর পর আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন মোহাম্মদ আসিফ। তিনিও সুইং বোলিংয়ের জন্য ছিলেন বিশেষ পরিচিত।
প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ৩৭৩ ও ওয়ানডেতে ৪১৬ উইকেট শিকার করেছেন ওয়াকার। দ্রুতগতির সঙ্গে রিভার্স সুইংয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলতেন তিনি। নিজের বর্ণিল ক্যারিয়ারে পাকিস্তান দলের অধিনায়কত্বও করেছেন ওয়াকার। অন্যদিকে দারুণ সম্ভাবনাময় পেসার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০১০ সালে কুখ্যাত ফিক্সিং স্ক্যান্ডালে পড়ে নিজের ক্যারিয়ারটিই ধ্বংস করেছেন আসিফ। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে মাত্র ২৩ টেস্টেই ১০৬ উইকেট ও ৩৮ ওয়ানডেতে ৪৬ উইকেট শিকার করেছেন আসিফ।
দীর্ঘদিন পর এখন ওয়াকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন আসিফ। তার মতে, নতুন বলে বোলিংই করতে পারতেন না ওয়াকার এবং পুরোনো বলেও রিভার্স সুইং আদায়ের জন্য বেছে নিতেন অসদুপায়। পাকিস্তানের সংবাদমাধ্যমে এআরওয়াই নিউজকে দেয়া সাক্ষাৎকারে আসিফ বলেছেন, ‘সে (ওয়াকার) রিভার্স সুইংয়ের জন্য বলের সঙ্গে প্রতারণা করতো। ক্যারিয়ারের লম্বাসময় সে নতুন বলে বোলিং করতে পারত না। একদম শেষদিকে গিয়ে নতুন বলে বোলিং করা শিখেছে ওয়াকার।’ শুধু বোলার ওয়াকার নয়, কোচ হিসেবে ওয়াকারের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন আসিফ। তার ভাষ্য, ‘আপনারা তাকে (ওয়াকার) রিভার্স সুইংয়ের মাস্টার হিসেবে চেনেন কিন্তু সে এমন একজন বোলারও তৈরি করতে পারেনি যে কি না নিখুঁত রিভার্স সুইং করাতে পারে।’ ‘এসব মানুষ গত ২০ বছর ধরে কোচিং করাচ্ছে কিন্তু কখনও মানসম্পন্ন বোলার বের করতে পারেনি। আমাদের সংখ্যায় অনেক বোলার আছে, কিন্তু মান নেই। দলে ৮ পেসার আছে কিন্তু কোনো পরিকল্পনা নেই। এই অবস্থার পরিবর্তন ঘটা জরুরি।’

ভাগ