শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় ছবিরন নেছা (৬০) নামে এক বিধবা নারীর বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্র জানায়, শার্শার বাগআঁচড়া আমতলা গ্রামের বেলায়েত গাজীর তিন স্ত্রীর মোট ২৩ জন ছেলে মেয়ে। এর মধ্যে বড় স্ত্রীর ৮ ছেলে। তারা কৌশলে সৎ বোন ছবিরনকে বসতভিটা থেকে উচ্ছেদ এবং কম দামে তার জমি কেনার জন্য নানা ষড়যন্ত্র করছে। তারা বাড়ি থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছে। ছবিরন নেছা জানান, তার পিতা বেলায়েত গাজী ৩০ বছর আগে তাকে বসবাসের ভিটে জমিটি লিখে দিয়ে যান। তার পাশের জমি ভাইদের নামে লিখে দেন। সকলের পথও তিনি নির্দিষ্ট করে দিয়ে যান। এখন তার সৎ ভাই হামিদ গং তাকে উচ্ছেদ করার জন্য পরিকল্পনা করে বাড়ির চারিপাশ ঘিরে দিয়েছে। এ বিষয়ে আদালতে মামলা করলে স্থানীয় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল মামলা তুলে নিতে বলেন। তিনি বলেন মামলা তুলে নিলে হামিদরা তাকে রাস্তা দিবেন। কিন্তু মামলা তুলে নেওয়ার পর রাস্তাটি আরো জব্দ করে ঘিরে দেন। তিনি এ ব্যাপারে গত ২৩ মার্চ মঙ্গলবার শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়ে লিখিত আবেদনও করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল হামিদ বলেন, ‘আমি আমার জমি ঘিরে দিয়েছি। আমার জমি দিয়ে কোন রাস্তা দিব না।’ বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, ‘এরকম ঘটনা আমার মনে পড়ছে না। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ শার্শা উপজেলা নির্বাহী অফিসার অমতীর আলীফ রেজা জানান, ‘অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




