জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট যশোর ভেন্যুর ২য় দিনের খেলায় জয় পেল নড়াইল

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়াং টাইগার জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার যশোর ভেন্যুর গতকাল মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে নড়াইল জেলা।  যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় তারা বাগেরহাট জেলাকে ২১ রানে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে নড়াইল ব্যাট করতে নেমে ৩৬ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলে অতিরিক্ত থেকে যুক্ত হয় ৩৩ রান। যা দলের একজন ব্যাটসম্যানের ব্যক্তিগত অর্জনের চেয়েও বেশি। দলের পক্ষে ব্যাট হাতে সাকিব রহমান সর্বোচ্চ ২২ এবং রাশেদুল ২০ রান সংগ্রহ করেন। অপরদিকে, বল হাতে বাগেরহাটের নুরুল হাসান সর্বোচ্চ ৫টি উইকেট লাভ করেন। বাগেরহাট জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপে ২৯ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১২০ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে আলী হায়দার সর্বোচ্চ ২৩ রান সংগ্রহ করেন।

ভাগ