শরণখোলায় দুটি ওয়ার্ডে ইউপি সদস্য : প্রার্থী ও সমর্থকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটি ওয়ার্ডের সদস্য প্রার্থী ও সমর্থকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার তাফালবাড়ি বাজারে মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, মুক্তিযোদ্ধা ছলেমান হাওলাদার, ইউপি সদস্য সাইফুল ইসলাম হালিম, ইউপি সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন, রাবেয়া খাতুনসহ আরও অনেকে। বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। গত শুক্রবার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সভায় হামলা চালায় বর্তমান ইউপি সদস্য ডালিমের সমর্থকরা। এর আগে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম হালিমের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আলামিনের সমর্থকরা হামলা চালায়। হামলায় উভয় পক্ষের ৪০ জন আহত হয়। এসব ঘটনায় শরণখোলা থানায় দুটি মামলা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং উল্টো হুমকি দিয়ে আসছে।

ভাগ